সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিলেন চিকিৎসক

রোগীর সঙ্গে অসদাচরণ ও ব্যবস্থাপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠেছে জয়ন্তী রানী ধর নামে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ বিষয়ে খোঁজ নিতে গেলে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করেন তিনি। একপর্যায়ে স্থানীয় সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকিও দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

গত শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ব্যক্তিগত চেম্বারে সাংবাদিকদের সঙ্গে এ ঘটনা ঘটে। এ সময় তার স্বামী মন্ত্রীর কাছের লোক বলেও সাংবাদিকদের ভয় দেখাতে শুরু করেন। এ ছাড়া তার স্বামীর ছোট ভাই ডিআইজি বলেও সাংবাদিকদের হুমকি দেন। একপর্যায়ে সাংবাদিকদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ডাক্তার জয়ন্তী রানী তার ব্যক্তিগত চেম্বারে বসে সাংবাদিকদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করছেন। দুর্গাপুরের সব সাংবাদিকদের আমার চেনা আছে। এর আগেও ময়মনসিংহে কেউ কিছু করতে পারেনি। ডাক্তার জয়ন্তী রানীকে আপনারা চেনেননি। আমি তিন মাস ময়মনসিংহ থেকেই চলে গেছি। যা আর কেউ পারেনি। আপনারা আমার চেম্বারে আসার সাহস পেয়েছেন কোথা থেকে। আমি এখনই ডিআইজিকে ফোন দিচ্ছি।

ডাক্তার জয়ন্তী রানী এক সময়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে থাকলেও বর্তমানে তিনি ঢাকার একটি সরকারি হাসপাতালে কর্মরত আছেন। প্রতি শুক্রবার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গাইনি চিকিৎসক হিসেবে রোগী দেখেন।

সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের বিষয় স্বীকার করে ডাক্তার জয়ন্ত রানী ধর বলেন, তখন আমি উত্তেজিত ছিলাম। আচরণের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।