বন্ধুকে হত্যা করে রাতভর ফুর্তি

মাদক কেনাবেচাসহ বিভিন্ন বিরোধের জের ধরে বন্ধুকে প্রকাশ্য কুপিয়ে হত্যার পর রাতভর পানাহার করে ফুর্তি করেন কিশোর গ্যাংয়ের ৫ সদস্য। নিহতের নাম ফয়সাল। তিনিও ওই গ্যাংয়ের আরেক সক্রিয় সদস্য ছিলেন। হত্যার পর তাদের মধ্যে ছিল না কোনো অনুশোচনা বা ভয়। উল্টো বাসার ছাদে মদের আসর বসিয়ে আনন্দফুর্তি করেছেন।

এ ঘটনায় ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা সবাই রাজধানীর পল্লবী এলাকার কিশোর গ্যাংয়ের তালিকাভুক্ত রাব্বি গ্রুপের সক্রিয় সদস্য। নরসিংদী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো হত্যার মূল হোতা মো. আকাশ ওরফে টান আকাশ, ফজলে রাব্বি ওরফে হিটার রাব্বি ওরফে গালকাটা রাব্বি, মো. ইমরান, মো. রাসেল কাজী ও নয়ন।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, নিহত ফয়সাল ছিলেন একই কিশোর গ্যাংয়ের সদস্য। মাদক কেনাবেচাসহ বিভিন্ন দ্বন্দ্বের জেরে পৃথক গ্যাং তৈরি করেন। এরপর থেকে এলাকায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে প্রায়ই মারামারি হতো। ১৬ মার্চ সন্ধ্যায় পল্লবী এলাকায় প্রকাশ্যে ফয়সাল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে। চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা ও নিহত ফয়সাল একসময় মিরপুর এলাকার কিশোর গ্যাং ‘পেপার সানী’ গ্রুপের সদস্য ছিলেন। গালকাটা রাব্বি পেপার সানী গ্রুপের হিটম্যান হিসেবে কাজ করতেন। কিন্তু চার-পাঁচ মাস আগে মাদক কেনাবেচা নিয়ে ভাগাভাগি, সিনিয়র-জুনিয়র, এলাকায় আধিপত্য বিস্তারের কোন্দল ঘিরে রাব্বি ওই গ্রুপ থেকে বের হয়ে ‘গালকাটা রাব্বি’ নামে পৃথক গ্রুপ তৈরি করেন। ওই সময় দুজনকে কুপিয়ে করেন উদযাপন, একজন মারা গেলে আত্মগোপনে যান তারা।

তিনি আরও বলেন, ঘটনার প্রায় এক মাস আগে পেপার সানী গ্রুপের সদস্যরা গালকাটা রাব্বিকে মারধর করে পায়ের রগ কেটে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয় লোকজন দেখে ফেলায় তারা রাব্বিকে উদ্ধার করে। ১৫ মার্চ দুই গ্রুপের মধ্যে আবার মারামারি হয়। এতে রাব্বি গ্রুপ ক্ষিপ্ত হয়ে পেপার সানী গ্রুপের সদস্যদের উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে।