পাপুয়া নিউগিনিতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কাঁপল ওশেনিয়ার দেশ পাপুয়া নিউগিনি। রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে।

স্থানীয় সময় রোববার (২৪ মার্চ) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির উত্তরাঞ্চলের প্রত্যন্ত অংশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূপৃষ্ঠের ৬৫ কিলোমিটার (৪০ মাইল) গভীরতায় আঘাত হানে ভূমিকম্পটি। যদিও ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ ​​কিলোমিটার গভীরে ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছিল সংস্থাটি।

অন্যদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আম্বুন্টি থেকে ৩২ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই।

পাপুয়া নিউগিনিতে প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে এই অঞ্চলে ভূমিকম্প সাধারণ ঘটনা।