দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ: ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রাস্তার পাশের ফুটপাতে অবৈধ দোকান সরিয়ে ফেলতে অভিযানে নেমেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।

গত ১৫ মার্চ দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইনে “ফুটপাত দখল করে ইফতার সামগ্রীর দোকান” শিরনামে সংবাদ প্রকাশের পর সেই রেস্তোরাঁগুলোর ইফতারের দোকান সড়িয়ে ফেলতে এই অভিযান করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়ল জার্জিস আলম রতন, পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান প্রমূখ।

গতকাল শনিবার (২৪ মার্চ সন্ধ্যায়) উপজেলার সান্তাহার পৌর শহরের রাস্তার ফুটপাত দখল করে ইফতার বিক্রির দোকানগুলোতে অভিযান দিয়ে দোকানগুলো সড়িয়ে নিতে বলেছেন উপজেলা সহকারি কমিশোনার ভূমি ফিরোজ হোসেন। পৌরশহরের রেলগেট, স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ সড়কের পাশের সকল ইফতারের দোকান সরিয়ে ফেলতে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দেশ রূপান্তরের সংবাদে উল্লেখ্য করা নামকরা দুই হোটেল বিসমিল্লাহ হোটেল ও হোটেল স্টার ইফতার বিক্রির দোকান সরিয়ে ফেলা হয়েছে। এই দুই হোটেলের সামনে থেকে ইফতার সামগ্রীর দোকান পাট সরিয়ে নেওয়ার জন্য সান্তাহার পৌরসভা থেকে নোটিশও করা হয়েছিল।

আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন বলেন, রেস্তোরা মালিকদের রাস্তা ছেড়ে নিজ নিজ দোকানের মধ্য থেকে ইফতার বিক্রয় করতে নির্দেশ দেওয়া হয়। রাস্তা দখল করে অবৈধভাবে বসা দোকানদারদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।