হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাকে গ্রেপ্তার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে নেওয়ার নির্দেশকে অবৈধ বলে আদালতের কাছে আবেদন করেছেন তিনি।
শনিবার দিল্লি হাইকোর্টে এ আবেদন করেন তিনি। একই সঙ্গে তাকে দ্রুত মুক্তি দেওয়ার আবেদন ও জানিয়েছেন। খবর এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, শনিবার দিল্লি হাইকোর্টে কেজরিওয়াল তার গ্রেপ্তার এবং রিমান্ড আদেশকে অবৈধ বলে অভিহিত করেন এবং চ্যালেঞ্জ করেন। এছাড়া রবিবারের মধ্যে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে জরুরী শুনানি চেয়ে অবিলম্বে কারাগার থেকে মুক্তি পাওয়ার আবেদন করেন তিনি।
গত বৃহস্পতিবার কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। পরদিন গতকাল শুক্রবার রাউস অ্যাভিনিউতে বিশেষ সিবিআই আদালত তাঁকে ২৮ মার্চ পর্যন্ত ইডির হেফাজতে রাখার নির্দেশ দেন। বৃহস্পতিবারই গ্রেপ্তারের বিরুদ্ধে সুরক্ষা পেতে হাইকোর্টে আবেদন করেছিলেন কেজরিওয়াল কিন্তু সেদিন ওই আবেদন খারিজ করেন আদালত।
এদিকে ইডি হেফাজতে থাকাকালে নিজ দল আম আদমি পার্টির (আপ) নেতা–কর্মীদের উদ্দেশে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। কারাগারে থাকা অবস্থাতেও নগর সমস্যার সমাধান করছেন তিনি। রবিবার চিঠিটি পড়ে শুনিয়েছেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল।
চিঠিতে কেজরিওয়াল বলেন, ‘কারাগারের ভেতরে বা বাইরে যেখানেই থাকি না কেন, আমার জীবনের প্রতিটি মুহূর্ত দেশের সেবার জন্য উৎসর্গ করেছি। রক্তের প্রতিটি ফোঁটা দেশের জন্য বিলিয়ে দিয়েছি।’