ভিড় নেই বাস কাউন্টারে

গত শুক্রবার (২২ মার্চ) থেকে ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদে বাসের অগ্রিম টিকিট কিনতে কাউন্টারগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় থাকে। এবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ফাঁকা। পুরো টার্মিনাল এলাকায় এখন শুনশান নিরবতা।

গতকাল শনিবার (২৩ মার্চ) সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে যাত্রী নেই বললেই চলে। দু-একজন যারা আসছেন তারা এক কাউন্টার থেকে অন্য কাউন্টার ঘুরে পছন্দ মতো টিকিট সংগ্রহ করছেন। যাত্রী খরায় খুব সহজেই মিলছে কাঙ্ক্ষিত বাসের টিকিট।

কাউন্টারে থাকা পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার সব কাউন্টারেই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এ কারণে গাবতলীতে যাত্রীর চাপ নেই।

গাবতলীতে থাকা শ্যামলী পরিবহনের এক বলেন, গত শুক্রবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু এখানে ভিড় নেই। অন্যসব কাউন্টার থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করছেন, এজন্য গাবতলীতে চাপ নেই।

গাবতলী বাস টার্মিনালে আরও বেশ কয়েকজন বাসের স্টাফ, টিকিট কাউন্টারে কর্মরতদের সঙ্গে কথা হয়। তারা জানান, ২০ রমজানের পর থেকে অনেকেই পরিবার-পরিজনদের ঢাকা থেকে বাড়ি পাঠিয়ে দেবেন। সেসময় যাত্রীর চাপ বাড়বে এবং ব্যবসা ভালো হবে বলে আশাবাদী তারা।

হানিফ পরিবহনের এক কর্মকর্তা বলেন, অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে যায়। কাউন্টারে আজকাল কেউ আসে না।