তামিম-কাপালির ব্যাটে মান বাঁচলো প্রাইম ব্যাংকের

বিপিএলের দারুণ একটা মৌসুম কাটিয়েছেন তামিম ইকবাল। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে নিজেকে যেন মেলে ধরতে পারছিলেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। গত ফিফটি হাঁকিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। আজ আবার হেসেছে তার ব্যাট। সেটাও আবার দলের বিপর্যয়ের দিনে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৮১ রানেই গুটিয়ে গেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন অধিনায়ক তামিম ইকবাল। ৮৮ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৬টি চারের সাহায্যে। 

তবে তামিম আউট হয়ে যান দলীয় ৮৫ রানেই। দ্রুতই গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল। তবে এমন বিপর্যয়ে হাল ধরেন অভিজ্ঞ ক্রিকেটার অলক কাপালি। দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন চার ও ছক্কায় ৪৪ বলে ৪৭ রান করেন তিনি।

মাঠে ফিরে অভিজ্ঞতার মূল্য কি ব্যাট হাতে বোঝালেন অলক কাপালি।

গাজীর হয়ে আব্দুল গাফফার সাকলাইন সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

এদিকে সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে সিটি ক্লাবের মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড। নির্ধারিত ওভারে ২১৭ রান সংগ্রহ করেছে তারা ৭ উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৮৩ বলে ১ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। এছাড়া নাঈম শেখ করেন ৫৪ রান। 

সিটি ক্লাবের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাইমুর রহমান নয়ন। ২১৮ রানের লক্ষ্য নিয়ে একটু পর ব্যাটিংয়ে নামবে সিটি। 

দিনের অপর ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছে রূপগঞ্জ টাইগার্স। সালমান হোসেন ইমন সর্বোচ্চ ৬৭ রান করেন। ৫১ রান করেন আসাদুল্লাহ গালিব।

রিপন মন্ডল ও জিয়াউর রহমান সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেছেন।