রাতে মাঝারী ধরণের ভারী বৃষ্টিপাত হয়েছে ঢাকায়। আজ সকাল ৬টা থেকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে এতে বাতাসের মানে কোনো প্রভাব পড়েনি। দুপুরে ১টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১৫২। বাতাসের এই মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
এই সময়ে ১৭১ একিউআই স্কোর নিয়ে ঢাকার সবচেয়ে দূষিত এলাকা আরামবাগ। গুলশানে অবস্থিত গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ১৬১; পল্লবির ইস্টার্ণ হাউজিং, ও ভাটারায় অবস্থিত মার্কিন দূতাবাস এলাকায় একিউআই স্কোর ১৬০। বসুন্ধরা আবাসিক এলাকার দ্য আগা খান একাডেমি এলাকায় বাতাসের স্কোর ১৫৮ এবং গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় ১৫৪।
১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।