সিজারিয়ান ডেলিভারি বেড়েছে ৯ শতাংশের বেশি  

গেল এক বছরে দেশে সিজারিয়ান ডেলিভারির হার ৯ শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রকাশিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২৩’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ২০২২ সালে মোট প্রসবের ৪১ দশমিক ৪ শতাংশ ছিল সিজারিয়ান ডেলিভারি।

তথ্য বলছে, ২০২৩ সালে সিজারিয়ান ডেলিভারির হার বেড়ে ৫০ দশমিক ৭ শতাংশ হয়েছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৪১ দশমিক ৪ শতাংশ। 

২০২২ সালে এক মাসের কম বয়সী প্রতি হাজার শিশুর মধ্যে মারা যায় ১৬ জন, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২০ জনে। ২০২২ সালে এক বছরের কম বয়সী প্রতি হাজার শিশুর মধ্যে মারা যায় ২৪ জন, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২৭ জনে।

এ ছাড়া, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৩ বছরে, যা ২০২২ সালে ছিল ৭৩ দশমিক ৪ বছর।