ম্যাজিস্ট্রেট আসছে- শুনেই পালালেন মালিক-কর্মচারীরা

গোখাদ্যে রঙ মিশিয়ে মরিচ ও হলুদ গুড়া তৈরি করার অপরাধে বগুড়ার মুন্সি হলুদ মিল সিলগালা করা হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে শহরের রাজাবাজারে অভিযান চালান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি। ম্যাজিস্ট্রেটকে দেখে মিলের মালিক, কর্মচারীসহ সকলে পালিয়ে যান। অভিযানে ওই মিল থেকে ১০ বস্তা পশু খাদ্য, ৫ বস্তা মরিচের গুড়া, ৬ বস্তা হলুদ ও পোকামাকড় যুক্ত ১৩ বস্তা শুকনা মরিচ জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাজার মনিটরিং করতে শহরের রাজাবাজারে অভিযান চালানো হয়। এদিন বিকেল ৩টার দিকে মুন্সি হলুদ মিলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করতে দেখা যায়। এ ছাড়া গোখাদ্যে রঙ মিশিয়ে হলুদ ও মরিচ গুড়া তৈরি করছিলেন তারা। যা মানুষের স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর।

তিনি আরো বলেন, গত বছরও মুন্সি হলুদ মিলে অভিযান চালানো হয়েছিল। অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচ গুড়া তৈরির অপরাধে জরিমানা ও সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সতর্ক না হয়ে পুনরায় একই পদ্ধতিতে ভেজাল মসলা (মরিচ গুড়া ও হলুদ) তৈরি করছে। এজন্য প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। তবে অভিযান পরিচালনা করার সময় এ প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।

অভিযানের নামপ্রকাশে অনিচ্ছুক রাজাবাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে ওই মিলের মালিক ও কর্মচারীরা কৌশলে পালিয়ে যান। যার কারণে অভিযান চলাকালে ওই প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। অভিযানে জেলা পুলিশের টিম সহযোগিতা করে।