মোবাইল চার্জে দিয়েছিলেন বাবা। আর সেই মোবাইল বিস্ফোরিত হয়ে মৃত্যু হলো চার শিশুর। এ ঘটনায় আহত হয়েছে শিশুদের মা-বাবাও। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের।
পুলিশ জানিয়েছে, কাজের সূত্রে মেরঠের পল্লবপুরম থানা এলাকায় থাকেন দিনমজুর জনি। স্ত্রী এবং চার সন্তানকে নিয়ে ছিল তার সুখের সংসার। গতকাল শনিবার তিনি বাড়িতেই ছিলেন। ঘটনার সময় জনির স্ত্রী খাবার বানাচ্ছিলেন। তাদের চার সন্তান ঘরের ভিতর খেলছিল।
জানা গেছে, মোবাইল চার্জে বসিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন জনি। ফলে তারা খেয়ালই করেননি সুইচ বোর্ডে স্ফুলিঙ্গ হচ্ছে। আচমকাই মোবাইল বিস্ফোরিত হয়। সেটি বিছানায় পড়তেই ধরে যায় আগুন। আর সেই আগুনে ঝলসে মৃত্যু হয় চার শিশুর। আহত হন জনি এবং তার স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জনি এবং তার স্ত্রীকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিটের জেরেই মোবাইলে বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণে ঘরে আগুন ধরে যায়। তাতেই পুড়ে মৃত্যু হয় চার শিশুর।