ফুটবলে দ্রুততম সময়ে যত গোল

ফুটবল মানেই গোলের খেলা। ম্যাচের সময় মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে গোলকিপার বাদে বাকি সবারই চেষ্টা থাকে গোল করার। প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই গোল হতেও দেখা যায়। এমনই দুটি গোল হলো শনিবার রাতে।

যার একটি আবার রেকর্ড। আন্তর্জাতিক ফুটবল ম্যাচে দ্রুততম গোলের। স্লোভাকিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৬ সেকেন্ডে গোল করেছেন অস্ট্রিয়ার ক্রিস্টফ বমগার্টনার।

এর আগে আন্তর্জাতিক ফুটবলে ৭ সেকেন্ডে দ্রুততম গোল ছিল জার্মানির লুকাস পোডলস্কির। ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে। পোডলস্কির সেই কীর্তি শনিবার ফ্রান্সের বিপক্ষে প্রায় ভেঙেই ফেলতেন জার্মানেরই ফ্লোরিয়ান উইর্টজ। ৭ সেকেন্ডে গোল করেন তিনি। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে আছে পোডলস্কির গোলটাই।

৬ সেকেন্ড বা এর চেয়ে কমেও কি গোল করা সম্ভব। এখন পর্যন্ত দ্রুততম গোলের যে ভিডিও আছে, সেটি ২.১ সেকেন্ডে, করেছিলেন গেভিন স্টোকস। ২০১৭ সালে স্কটল্যান্ডের ফুটবলে জুনিয়র নন লিগ ফুটবল ম্যাচে। দ্রুততম গোলের বেশিরভাগ রেকর্ডই আধা পেশাদার বা অপেশাদার ফুটবলে।

ব্রাজিলের আধা পেশাদার লিগে রিকার্দো অলিভিয়েরার ২.৮ সেকেন্ডের গোল ২০০৪ সাল পর্যন্ত গিনেজ বুকে রেকর্ড ছিল। আর্জেন্টাইন ফুটবলে ঠিক ৫ সেকেন্ডে গোল আছে কার্লোস ডান্টনের।

সিরি আতে সাসসুওলোর বিপক্ষে ৬.২ সেকেন্ডে দ্রুততম গোলের নজির এসি মিলানের রাফায়েল লিয়াওয়ের। লা লিগায় জোসেবা লরেন্তের এসপানিওলের হয়ে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে গোল করেছিলেন ৭.২২ সেকেন্ডে। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম গোলটি ৭.৬৯ সেকেন্ডের। সাউদাম্পটনের শেন লং করেছিলেন ওয়াটফোর্ডের বিপক্ষে।  

চার বছর পর পর আসে বিশ্বকাপে। মনে প্রশ্ন জাগতে পারে ফুটবল বিশ্বকাপে দ্রুত সময়ে গোলটি কার। ২০০২ বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে তুরস্কের হাকান সুকুর ১১ সেকেন্ডে গোল করেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।