পবিত্র ঈদুল ফিতরে চার দিনের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ৮ (সোমবার) থেকে ১১ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সৌদিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ। তাই ১২ ও ১৩ এপ্রিলও ছুটি। সব মিলিয়ে এবারের ঈদে সৌদির বাসিন্দারা টানা ছয়দিনের ছুটি পেতে যাচ্ছেন।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, রবিবার (২৪ মার্চ) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
পবিত্র রমজান মাস শেষে পালিত হয় ঈদুল ফিতর। ইংরেজি মাস ৩০ ও ৩১ দিনের হলেও হিজরি ক্যালেন্ডারে মাসগুলো সাধারণত ২৯ ও ৩০ দিনের হয়। এ বছর সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয় ১১ মার্চ থেকে। রমজান মাস ৩০ দিনের হলে সেখানে ১০ এপ্রিল ঈদ হবে। আর ২৯ দিনের হলে ঈদ হবে ৯ এপ্রিল।