চলতি মাসের প্রথম দিকে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুল থেকে অপহৃত ২৮৭ জন শিশু শিক্ষার্থীর মধ্যে কমপক্ষে ১৩৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি শিশুরা কবে মুক্তি পাবে বা এ নিয়ে আদৌ কোনো প্রক্রিয়া চলছে কিনা বিস্তারিত জানা যায়নি।
রবিবার (২৪ মার্চ) দেশটির সামরিক বাহিনীর বরাতে এসব তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েট প্রেস। যদিও এর আগে নাইজেরীয় সরকার তাদের বিবৃতিতে সব শিশুকে মুক্তি দেওয়ার কথা উল্লেখ করেছিল।
স্থানীয় গভর্নর উবা সানি এক বিবৃতিতে বলেন, অপহৃত কুরিগা স্কুলের শিশুদের অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ সময় তাদের অবস্থা কেমন ছিল সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত বলা হয়নি। তিনি সেনাবাহিনী, প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং স্কুল শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরার জন্য প্রার্থনা করা সকল নাইজেরীয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটি সত্যিই আনন্দের দিন।’
গত ৭ মার্চ কাদুনা রাজ্যের কুরিগায় এই অপহরণের ঘটনা ঘটে, যা কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা। এ অপহরণের ঘটনায় নিরাপত্তাহীনতার প্রশ্নে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে এবং স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত অপরাধী চক্রকে দায়ী করা হয়। মুক্তিপণের জন্য তারা প্রায় এ ধরনের কাজ করে থাকে।
নাইজেরিয়ায় মুক্তিপণের জন্য অপহরণ একটি সাধারণ ঘটনা। সেখানে অপরাধী দলগুলো অতীতে স্কুল ও কলেজগুলোকে লক্ষ্যবস্তু করেছে। যদিও এ ধরনের আক্রমণ সম্প্রতি অনেকটাই কমে এসেছে।