প্রয়াত হয়েছেন পূজা চেরীর মা ঝর্ণা রায়। রবিবার সকাল ১১টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বিষয়টি জানিয়ে বলেন, ঝর্ণা আন্টি (পূজা চেরীর মা) দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তার ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। আজ সকাল ১১টার দিকে তিনি মারা যান। পূজা চেরী সবার কাছে তার মায়ের আত্মার শান্তি কামনা করেছেন।
জানা গেছে, অসুস্থ অবস্থায় বাসার পাশে ডেল্টা হেলথ কেয়ারে ভর্তি করানো হয়েছিল ঝর্ণা রায়কে। সেখানে পনের দিন চিকিৎসাধীন ছিলেন। ৭ দিন ছিলেন আইসিইউতে। অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। রবিবার বাসায় তিনি মারা যান।
এদিকে মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেত্রী পূজা চেরী। মাকে নিয়ে সামাজিক মাধ্যমে নিজের কষ্টের কথা বলেছেন। পূজা বলেন, এভাবে আমাকে একা করে দিলা মামুণি? এইটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কী হবে? আমি কাকে আমার সব কথা বলব মামুনি? কত কথা জমা হয়ে আছে, ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলব। কিন্তু এইটা কি হলো? তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলা না? বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারা জীবন পার করব?
এখন আর কাউকে মা বলার কেউ নেই এমনই আর্তনাদ জানিয়ে পূজা বলেন, বলো তুমি, মা মাগো পারলে আমাকে মাফ করে দিয়ো মা।