মাসুদা ইসলাম পেশায় গৃহিণী। তার কোনো আয় নেই। স্বামী মো. নজরুল ইসলাম সিভিল অ্যাভিয়েশন-১-এর সাবেক সহকারী প্রকৌশলী। স্বামীর আয়ে তিনি ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৭৫ টাকার সম্পদের মালিকানা অর্জন করেন। এর মধ্যে তার ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকার অবৈধ সম্পদ রয়েছে। স্বামীর ঘুষের টাকায় এসব অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গতকাল রবিবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক আল-আমিন বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। মামলায় তাদের দুজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসামি মাসুদা ইসলামের বিরুদ্ধে দুদকের প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়া যায়। অভিযোগ অনুসন্ধানকালে তিনি ২০১৭ সালের ৩ জানুয়ারি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। সম্পদ বিবরণীতে তিনি স্থাবর-অস্থাবর মিলিয়ে ১ কোটি ২৩ লাখ ৭৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের তথ্য দেন। দুদকের অনুসন্ধানে তার ১ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ২৬৪ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তিনি সম্পদ বিবরণীতে ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার তথ্য গোপন করেন। তার দায়দেনা বাদ দিয়ে ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৭৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।