পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্নদের কর্মবিরতি চলবে

বকেয়া ভাতা প্রদান ও ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নন পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন দাবির ব্যাপারে সুস্পষ্ট কোনো আশ্বাস না দেওয়ায় কর্মবিরতি ও কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এসব চিকিৎসক।

গতকাল রবিবার দুপুর ১২টার দিকে স্বাস্থ্যমন্ত্রীর ডাকে সচিবালয়ে যান পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের চার সদস্যের প্রতিনিধিদল। সেখানে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। কিন্তু আলোচনায় সন্তুষ্ট হতে পারেননি তারা।

এ ব্যাপারে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘মন্ত্রী বলেছেন উনি বিষয়টা দেখবেন, প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করবেন এবং অতি দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করবেন। কিন্তু মন্ত্রী দাবি পূরণের ব্যাপারে কোনো সময়সীমা না দেওয়ায় এবং কী পরিমাণ ভাতা বাড়ানো হবে, সে ব্যাপারে কোনো কিছুই স্পষ্ট না করায় চিকিৎসকরা সন্তুষ্ট হতে পারেননি। এমন অবস্থায় আমরা কর্মবিরতি ও কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ এ চিকিৎসক নেতা জানান, ভুটানের রাজা দেশে আসছেন। তাই আজ সোমবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। কিন্তু কর্মবিরতি অব্যাহত থাকবে। আর আগামীকাল মঙ্গলবার থেকে কর্মসূচি ও কর্মবিরতি চলবে।