মেঘনায় নৌকাডুবিতে আরও তিনজনের লাশ উদ্ধার

মেঘনা নদীতে ভ্রমণতরী ডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনার রেল ও সড়ক সেতুর আশপাশ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। যাদের মরদেহ উদ্ধার হয় তারা হলোÑ কিশোরগঞ্জের কটিয়াদী এলাকার রূপা দে (৩২), নরসিংদীর বেলাবো এলাকার আনিকা আক্তার এবং পুলিশ কনস্টেবল সোহেল রানার শিশুকন্যা মাহমুদা বেগম (৮)। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এখনো নিখোঁজ আছেন পুলিশ কনস্টেবল সোহেল রানা, তার শিশুপুত্র রাইসুল এবং ভৈরবের আমলাপাড়া এলাকার বেলন চন্দ্র দে নামের তিনজন। এর আগে গত শনিবার দুজন ও দুর্ঘটনার দিন একজনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। গত শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব থেকে ২০ জন যাত্রী নিয়ে ভ্রমণতরীটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরসোনারামপুর এলাকায় একটি বালুবাহী বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।