দুদকের মামলায় কারাগারে সাবেক সচিব প্রশান্ত

অবৈধ সম্পদ অর্জনের মামলায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপর জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার নথি সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন প্রশান্ত কুমার। সময় শেষ হলে তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। আইনজীবী রফিকুল হোসেন তার জামিন চেয়ে আবেদন করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মীর আহাম্মদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে প্রশান্ত কুমারকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

২০২৩ সালের ৫ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন সংস্থার উপপরিচালক মো. মশিউর রহমান। সাবেক এই সচিবের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ২৪৭ টাকার সম্পদ রাখার অভিযোগ আনা হয়। মামলার অভিযোগে বলা হয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায় ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৮১৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দেওয়া ছাড়াও অবৈধ উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ২৫ লাখ ৪০ হাজার ২৪৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।