রাজধানীতে ‘কিশোর গ্যাংয়ের’ ২৫ সদস্য আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রবিবার র‌্যাব-২-এর সিনিয়র এএসপি এবং সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান। এর আগে শনিবার রাতে র‌্যাব-২-এর একাধিক দল রাজধানীর মোহাম্মদপুর ও ধানম-ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

শিহাব করিম আরও জানান, গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত চাপাতি, ছুরি, চাকু, চাইনিজ কুড়াল, এন্টি কাটার ও বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্বার করা হয়।

র‌্যাব বলছে, এ চক্রের সদস্যরা মোহাম্মদপুর বেড়িবাঁধ, আদাবর, ঢাকা উদ্যান ও ধানম-ি এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। তারা একাকী পথচারীদের  ঘিরে ধরে চাপাতিসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে পালিয়ে যেত। তারা বিভিন্ন সময় চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা উদ্যান, বেড়িবাঁধ, আদাবর, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারামারিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। গ্রেপ্তারকৃতরা দিনের বেলায় গাড়ির ড্রাইভার, হেলপার, দোকানের কর্মচারী, নির্মাণশ্রমিক, পুরাতন মালামাল ক্রেতা, সবজি বিক্রেতা ইত্যাদি পেশার আড়ালে রাতের বেলায় ছিনতাই ও চাঁদাবাজি করত।