চট্টগ্রামের পটিয়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ২৫টি বসতঘর। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চৈতন্য চরণ বাড়িতে মৃত নারায়ণ চৌধুরীর ছেলে দেবরাজ চৌধুরী (৪৫) আগুন দেওয়ার এ ঘটনা ঘটায়। তিনি প্রায়ই মদ্যপ অবস্থায় এলাকার গৃহবধূ ও যুবতীদের কুপ্রস্তাব দিতেন। তার প্রস্তাবে কেউ রাজি না হলে অকথ্য ভাষায় গালিগালাজ, বসতঘরে হামলা ও কয়েক দফা আগুন দিয়েছেন।
গত ২৬ ফেব্রুয়ারি রহস্যজনকভাবে একই বাড়িতে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়। ওই ঘটনায়ও ক্ষতিগ্রস্ত লোকজন দেবরাজকে দায়ী করে। পরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।
গত শনিবারের দেওয়া আগুনে মোট ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়।
শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এহসানুল হক জানান, দেবরাজ নামের এক বখাটে আগুন লাগিয়ে বসতঘর পুড়িয়ে দিয়েছে বলে স্থানীয়রা জানায়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় জনতা দেবরাজ নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। মামলা প্রক্রিয়াধীন।