রাজশাহী

ডিমের পিস ৫ টাকা, দুধের লিটার ৭৫

রাজশাহীতে পবিত্র রমজান মাস উপলক্ষে মাত্র পাঁচ টাকা পিস ডিম ও ৭৫ টাকা লিটার দুধ বিক্রি শুরু হয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে আমান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড এবং নাবা ক্যাটেল ফার্মের পক্ষ থেকে আগামী ২৭ রমজান পর্যন্ত সুলভ মূল্যে এই দুই পণ্য কিনতে পারবে ভোক্তা।

নগরীর সাগরপাড়ায় গ্রুপের রাজশাহী অফিসের সামনে সূলভ মূল্য বিক্রি হচ্ছে ডিম। এই কার্যক্রমের আওতায় একজন ক্রেতা ৫ টাকা পিস হিসেবে সর্বোচ্চ ৩০টি ডিম কিনতে পারবেন।

এদিকে সোমবার (২৫ মার্চ) দুপুর থেকে দুধ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ৯৫ টাকার পাস্তুরাইজেশন দুধ ৭৫ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। শহীদ কামারুজ্জামান চত্বরসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে দুধ বিক্রি করা হবে। আগামী ২৭ রমজান পর্যন্ত দুধ বিক্রি কার্যক্রম চলবে।

আমান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের রাজশাহী অফিসের ডিজিএম আব্দুল বারী বলেন, সাধারণ ভোক্তাদের কথা বিবেচনা করে রবিবার (২৪ মার্চ) থেকে কম দামে এই ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ডিমের মান শতভাগ নিশ্চয়তা দিয়ে আগামী ২৭ রজমান পর্যন্ত এই ডিম বিক্রি কার্যক্রম চলবে।

রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, সরকার দেশব্যাপী স্থানীয় পর্যায়ে ডিম, দুধ, মাংস কম দামে বিক্রি করার জন্য উদ্যোগ গ্রহণ করছে। সেই নির্দেশনায় তারা রাজশাহীর বিভিন্ন জায়গায় কোম্পানি বা উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করে এই কার্যক্রম শুরু করছেন। ডিম ছাড়াও পবিত্র রমজান উপলক্ষে দুধ বিক্রি হচ্ছে আজ থেকে। একইভাবে তারা নাবা ক্যাটেল ফার্মের সাথে কথা বলেন এবং সুলভ মূল্যে দুধ বিক্রির জন্য উদ্বুদ্ধ করেন।