রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার অভিযোগে গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে রাশিয়ার আদালত। শুক্রবারের এই হামলায় এখন পর্যন্ত ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্দেহভাজন ওই ৪ জনকে আদালতে হাজির করা হয়। এ সময় তাদের শরীরে মারধরের চিহ্ন ছিল। এদের মধ্যে একজনকে হুইল চেয়ারে করে আদালতে আনা হয়। আগামী ২২ মে পর্যন্ত তাদের বিচারপূর্ব হেফাজতে রাখার আদেশ দেন আদালত।
অভিযুক্ত চারজন হলেন—দালেরদজন মিরজোয়েভ, সাইদাকরামি মুরোদালি রাচাবালিজোদা, সামসিদিন ফারিদুনি এবং মোহাম্মদসোবির ফায়জোভ।
হামলার জন্য রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনকে দায়ী করা হলেও এ অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। এদিকে হামলার ভিডিও প্রকাশ করে এর দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে আইএস এর এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা অনুচিত।
এদিকে মস্কোয় হামলার পর ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যক্রোঁ বলেছেন, মস্কোয় হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠী সম্প্রতি ফ্রান্সকে টার্গেট করেছিল। মস্কোয় হামলার জন্য ইউক্রেনকে দায়ী না করতেও রাশিয়াকে সতর্ক করেন তিনি।
ক্রোকাস সিটি হলে ভয়াবহ হামলার পর জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বন্দুক হামলার শিকার ও ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হামলায় জড়িত সকলকে শাস্তির প্রতিশ্রুতি দেন।