শিলা বৃষ্টির সঙ্গে ৫০ কি.মি বেগে দমকা হাওয়ার আভাস

আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামন্য কমতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

প্রথম দিনের (মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে দমকা হাওয়া ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের
অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তৃতীয় দিনে রংপুর এবং ঢাকা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে রাষ্ট্রীয় সংস্থাটি বলছে, এ সময়ে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা (৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস) ছিল বাগেরহাটের মোংলায়। আর সর্বনিম্ন ১৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দিনাজপুর জেলা ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।