শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ লাখো মানুষের ঢল নেমেছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও নানা শ্রেণি-পেশার মানুষ এসে ভিড় করে।

এদিন সকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর শহীদদের স্মরণ করে পুষ্পস্তবক   অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের ৫৪ বছর পূর্তির দিনটি শুরু করেন। জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সেনা, নৌ ও বিমানবাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানান। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে জাতির বীর সন্তানদের স্মরণ করেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের জনগণের জন্য। সারিবদ্ধভাবে ফুল নিয়ে অপেক্ষা করতে থাকে লাখো জনতা। মুহূর্তেই জাতীয়  স্মৃতিসৌধ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়।