তরমুজ খেয়ে চারজন হাসপাতালে

রাজবাড়ীতে তরমুজ খেয়ে অসুস্থ একই পরিবারের চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে তারা রাজবাড়ী সদর হাসপাতালের ডাইরিয়া ওয়ার্ডে ভর্তি হন।

অসুস্থ রোগীরা হলেন, আমজাদ হোসেন (৪৫), আমজাদ হোসেনের ছেলে রুহুল আমিন (১৮), পুত্রবধূ রুপসী বেগম (১৭) ও নাতনি রাজিয়া আক্তার (১২)। তারা সকলেই রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি গ্রামের বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন রুহুর আমিন বলেন, গত শনিবার সদর উপজেলার দাদশী বাজার থেকে তিনি একটি তরমুজ কেনেন। ওই দিনই তারা তরমুজের অর্ধেক অংশ খান। তাদের বাড়িতে ফ্রিজ নেই। তরমুজের বাকি অংশ পলিথিনে মুড়িয়ে রেখে দেন। তাদের পরিবারের মোট সদস্য পাঁচজন। রুহুল আমিনের স্ত্রী রুপসী বেগম রোজা রেখেছিলেন। বাকি কেউ রোজা ছিলেন না। রুহুল আমিনের মা বাদে সবাই রাতের খাবারের পর  তরমুজ খেয়েছিলেন। তারপর থেকেই তাদের পেটে সমস্যা হয়। প্রথমে তার বিষটি সাধারণভাবে নিয়েছিল। পরে প্রত্যেকের অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আসলে কোন কারণে এই সমস্যা হয়েছে। এটা তরমুজ থেকেও হতে পারে আবার অন্য খাবার থেকেও হতে পারে। তবে খাবার থেকেই তাদের এই সম্যস্যা হয়েছে বলে তিনি জানান।