তারকাদের সবসময় তাড়া করে বেড়ায় খ্যাতির বিড়ম্বনা। আর দেশটা যদি হয় ভারত। তাহলে তো কথাই নেই। সেখানকার ক্রিকেটার কিংবা বলিউডের কোনো অভিনয়শিল্পী! কেউই রাস্তায় আর পাঁচজন সাধারণ মানুষের মতো রাস্তা হেঁটে বেড়াতে পারেন না। সাধারণের গন্ডি পেরিয়ে বিশেষ কেউ হয়ে উঠলে শিকড়ে ফেরা আর সম্ভব হয় না। তবে আইপিএল শুরুর মাস দুয়েক আগে সেই দিনগুলোতে ফিরেতে পেরেছিলেন ভারতীয় ক্রিকেটের বরপুত্র বিরাট কোহলি। এজন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সোমবার চিন্নাস্বামীতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন কোহলি। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে তার হাতে। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে ম্যাচ সংক্রান্ত ও ক্রিকেটীয় বিষয়ে নিজের মতামত জানান কোহলি। ধারাভাষ্যকার হার্সা ভোগলে কোহলির ব্যক্তিগত জীবনেও তখন উঁকি দেওয়ার চেষ্টা করেন।
ইংল্যান্ডের বিপক্ষে গত ৫ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার কথা ছিল কোহলির। তিনি প্রথম ২টি টেস্টের স্কোয়াডেও ছিলেন। তবে ব্যক্তিগত কারণে সিরিজ শুরুর ঠিক আগে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেন কোহলি। প্রায় ২ মাস ভারতীয় ক্রিকেট থেকে নিরুদ্দেশ হয়ে যান কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড কোহলির ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়ত বজায় রাখে। শেষমেশ আইপিএলের আসরে মাঠে ফেরেন বিরাট।
মাঝের ২ মাস বিরাটের ক্রিকেট থেকে দূরে সরে থাকা নিয়ে বিস্তর চর্চা হয়। যদিও কোহলি যে এই সময়ে দ্বিতীয় সন্তানের পিতা হন, সেটা জানতে বাকি নেই কারও। জীবনের সেই দুই মাসের অধ্যায় নিয়ে জানতে চান। কোহলি উত্তর দিতে কুণ্ঠা বোধ করেননি।
ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা দেশে ছিলাম না। আমরা এমন একটা জায়গায় ছিলাম, যেখানে লোকে আমাদের চিনতে পারছিল না। সাধারণ মানুষের মতো রাস্তায় হেঁটে বেড়াতে পারতাম। এই দুই মাসে পরিবারের সঙ্গে সময় কাটানো, সাধারণ মানুষের মতো অনুভূতি ফিরে পাওয়াটাই অকল্পনীয় অভিজ্ঞতা ছিল।’
পরক্ষণেই কোহলি বলেন, ‘অবশ্যই পরিবারের দিক থেকে দেখলে ২টি সন্তান হওয়ার পরে সবকিছু সম্পূর্ণ বদলে গিয়েছে। পরিবারের সঙ্গে থাকা, বড় মেয়ের সান্নিধ্য ছিল অবিস্মরণীয়। এই দুই মাস পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়ায় ঈশ্বরের প্রতি যারপরনাই কৃতজ্ঞ। আর পাঁচজন মানুষের মতো রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, অথচ কেউ চেনে না, এই অভিজ্ঞতাই ছিল দুর্দান্ত।’