ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাই করার সময় স্থানীয়রা পুলিশের দুই কনস্টেবলকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
গত রবিবার রাতে উপজেলার ধেরুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা তাদের মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়িতে সোর্পদ করা হয়।
মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত ওই দুই পুলিশ কনস্টেবল হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরেকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী ও সিরাজগঞ্জ জেলা চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে মো. মোহসীন মিয়া।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান গতকাল সোমবার (২৫ মার্চ) রাতে ওই দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছেন বলে জানা গেছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, ছিনতাইয়ের শিকার পিকআপ চালক রানা বাদী হয়ে একটি মামলা করেছেন। পিকআপ চালক রানার বাড়ি জেলার মধুপুর উপজেলায়।
জানা গেছে, ওই দুই পুলিশ কনস্ট্রেবল ঢাকা—টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ধেরুয়া উড়াল সেতুর দক্ষিণ পাশে একটি পিকআপকে সিগনাল দিয়ে গতিরোধ করেন। পরে চালক ও হেলপারকে পিকআপ থেকে নামিয়ে পাশেই দেওহাটা পুলিশ ফাঁড়ির কাছে নিয়ে গিয়ে মামলার ভয় দেখিয়ে ১১ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নেন। এ সময় চালক ও হেলপারদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই দুই পুলিশ সদস্যদের ধরে ফেলেন। পরে তাদের কাছ থেকে ৩০ হাজার ২১০ টাকা, একটি মোটরসাইকেল, একটি হ্যান্ডকাফ, পুলিশের পোশাক ও বেল্ট উদ্ধার করা হয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পুলিশের তল্লাশির নামে মহাসড়কের উপজেলা সদরের বাওয়ার কুমারজানী, পুষ্টকামুরী চরপাড়া, দেওহাটা ও ধেরুয়া এলাকায় প্রতিনিয়ত ট্রাক, পিকআপ ও মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ছিনতাই ও চাঁদাবাজি হয়ে থাকে। পুলিশ ইউনিফর্ম পরিহিতরা এবারে ছিনতাই ও চাঁদাবাজি করার কারণে মহাসড়কের ওই অংশ অনিরাপদ হয়ে পড়েছে পড়েছে। গত ১১ মার্চ রাতে মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় গোপাল রাজবংশী নামের একজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ পরিচয়ে ৫৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় মির্জাপুর থানায় অভিযোগ করলেও তার টাকা উদ্ধার হয়নি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, তারা দুইজন পুলিশের পোশাক পরিহিত ছিল। ছিনতাইকারী, ছিনতাইকারীই তারা পুলিশ সদস্য হতে পারে না। গ্রেপ্তারকৃতদের সোমবার টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মানিকগঞ্জ পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান জানান, অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সোমবার রাতে সাময়িক বরখাস্ত করা হয়েছে