পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ চীনা প্রকৌশলী নিহত

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পাচঁ চীনা প্রকৌশলীসহ ছয় জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ মার্চ) খাইবারপাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার বিশাম তহসিলে। মালাকান্দের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ইসলামাবাদ থেকে চীনা ইঞ্জিনিয়াররা দাসুতে একটি প্রকল্প পরিদর্শনে যাচ্ছিলেন। সেখানে তাদের গাড়িতে অন্য একটি বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মারে। এর ফলে যাত্রীবাহী গাড়িটি খাদে পড়ে যায়। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় নেয়নি।

হামলায় গাড়ির চালক আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত চীনা প্রকৌশলীদের মধ্যে একজন নারীও রয়েছেন। নিরাপত্তারক্ষীদের একটি বিশাল বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। সন্দেহভাজনদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

পাকিস্তানে এ ধরনের হামলার ঘটনা নতুন নয়। সেখানে চীনা নাগরিক, বিশেষ করে ইঞ্জিনিয়ারদের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। গত বছর বেলুচিস্তানে জঙ্গি হামলায় নিহত হয় তিন চীনা নাগরিক। ওই ঘটনায় দুই সন্ত্রাসী এবং এক সেনা কর্মকর্তাও প্রাণ হারান।

বালুচিস্তানে চীনের বিপুল বিনিয়োগ আছে। অন্যদিকে বালুচ বিচ্ছিন্নতাবাদীরা ওই এলাকায় সক্রিয়। তারা পৃথক বালুচিস্তানের দাবিতে আন্দোলন করে চলেছে।