স্মৃতিসৌধে কী গাছ রোপণ করলেন ভুটানের রাজা?

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ‘নাগেশ্বর চাঁপা’ গাছের চারা রোপণ করেছেন বাংলাদেশ সফরে আসা ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন রানী জেৎসুন পেমা।  

শ্রদ্ধা নিবেদনের পর সেখানে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তারা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন। এরপর ভুটানের রাজা জাতীয় স্মৃতিসৌধের ডানপাশে চার মাস বয়সী একটি নাগেশ্বর চাঁপা রোপণ করেন। 

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দ্বারপ্রান্তে একটি তারবার্তার মাধ্যমে ভুটান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভুটান। চার দিনের সফরে সোমবার (২৫ মার্চ) ঢাকায় আসেন ভুটানের রাজা।