আগামী তিন দিন আবহাওয়া কেমন থাকবে?

আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা বাড়বে।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এ সময় শিলা বৃষ্টি পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও দমকা ও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি আভাস দেওয়া হয়েছে।

যেসব এলাকায় বৃষ্টি হবে সেসব এলাকা বাদে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা (৩৬ ডিগ্রি সেলসিয়াস) ছিল রাঙামাটিতে। আর সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তেঁতুলিয়া, ডিমলা ও সৈয়দপুর এলাকায়।