৮ দিনেও উদ্ধার হয়নি বিজেপি সভাপতির স্ত্রীর গাড়ি, অস্বস্তিতে পুলিশ

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জেপি নাড্ডার স্ত্রী মল্লিকার চুরি হওয়া গাড়ি আট দিনেও উদ্ধার হয়নি। এ নিয়ে অস্বস্তিতে পড়েছে দিল্লি পুলিশ। এর আগে গত ১৯ মার্চ বিকালে দিল্লির গোবিন্দপুরী এলাকা থেকে টয়োটা ফরচুনার গাড়িটি চুরি হয় বলে জানিয়েছিল এনডিটিভি।

জানা গেছে, গাড়িটির চালক যোগিন্দর নামের এক ব্যক্তি। গাড়িটি সার্ভিসিং করে তিনি গোবিন্দপুরী নিয়ে এসেছিলেন এবং রাতের খাবার খেতে থেমেছিলেন। সেই সময়ই গাড়িটি চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে কর্তৃপক্ষ জানতে পারে, চুরি যাওয়া গাড়িটি গুরুগ্রামের দিকে যাচ্ছিল। তবে অনেক চেষ্টা করেও গাড়িটির কোনো হদিস মেলেনি।

এদিকে দিল্লি রাজধানী হলেও কেন্দ্রীয় সরকারের হাতে পুলিশ। ফলে শাসক দলের সর্ব ভারতীয় সভাপতির স্ত্রীর গাড়ি চুরি এবং তা উদ্ধার করতে না পারায় অস্বস্তিতে পড়েছে অমিত শাহের দিল্লি পুলিশ। চুরি যাওয়া গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর হিমাচল প্রদেশের বলে জানা গেছে।