স্বাস্থ্য ও শিক্ষাখাতে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, আমি এবার স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দেব। নির্বাচনে কথা দিয়েছিলাম দোহার-নবাবগঞ্জবাসীকে হেলথ কার্ড দিয়ে হেলথ ইনস্যুরেন্স দিয়ে স্বাস্থ্য ফান্ড বাড়াতে চাই। এ ব্যাপারে একটি পাইলট প্রকল্পের কথা বলেছিলাম, শিগগিরই সেই পাইলট প্রকল্প শুরু করতেব। দোহার-নবাবগঞ্জে যদি সেটা সফল করতে পারি তাহলে সারা দেশে প্রকল্পটা চালু হবে। পাশাপাশি শিক্ষাখাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। দোহার-নবাবগঞ্জে শিক্ষার উন্নয়নে কি কি কাজ করতে হবে এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকার নবাবগঞ্জে সরকারি নবাবগঞ্জ পাইলট হাই স্কুল মাঠে ও দোহারের জয়পাড়া বড় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী চতুর্থবার ক্ষমতায় আসার পর ঘোষণা দিয়েছেন আমরা এখন স্মার্ট সোনার বাংলা চাই। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, এখন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি।

সালমান এফ রহমান আরো বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা টানা ১৫ বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশটাকে এমন এক জায়গায় নিয়ে গেছেন এখন আমরা সবাই বিশ্বাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নটা আমরা পূরণ করতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নবাবগঞ্জের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেখ আনার কলি পুতুল, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম।

এ ছাড়া দোহারে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র মো. আলমাছ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে নবাবগঞ্জ ও দোহারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সালমান এফ রহমান।