প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ‘আমি এবার স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেব। নির্বাচনে কথা দিয়েছিলাম দোহার-নবাবগঞ্জবাসীকে হেল্থ কার্ড দিয়ে হেল্থ ইন্স্যুরেন্স দিয়ে স্বাস্থ্য ফান্ডটা বাড়াতে চাই। এ ব্যাপারে একটি পাইলট প্রকল্প আমরা শুরু করতে যাচ্ছি।’
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকার নবাবগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘দোহার-নবাবগঞ্জে শিক্ষার উন্নয়নে কী কী কাজ করতে হবে এ ব্যাপারেও শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে জোর দিতে চাই।’