যুক্তরাষ্ট্রে সেতু ধস

খোঁজা হচ্ছে নিখোঁজ ৬ জনের মরদেহ

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোর শহরে ফ্রান্সিস স্কট কি সেতুতে একটি কন্টেইনার জাহাজের ধাক্কায় নিখোঁজ ৬ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার ১৮ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজদের উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। বুধবার ভোর থেকে আবার উদ্ধার অভিযান শুরুর কথা রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে একটি জাহাজ সেতুর একটি পিলারে ধাক্কা দেয়। এতে সেতুটি ধসে পড়ে ৬ জন নিখোঁজ হয়। ভেঙে পড়ার সময় বেশ কয়েকটি যানবাহন সেতুটি অতিক্রম করছিল। সেতুটি ২ দশমিক ৬ কিমি (১ দশমিক ৬ মাইল) দীর্ঘ। 

এলএসইজি এর শিপ ট্রেকিং ডেটা অনুযায়ী, ফ্রান্সিস স্কট কি ব্রিজের যে অংশ ধসে পড়েছে সেখানে ঘটনার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘দ্য ডালি’ ছিল। জাহাজের নাবিক সবাই ভারতীয় বলে জানা গেছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি বৈদ্যুতিক ত্রুটিজনিত সমস্যায় ভুগছিল এবং দুর্ঘটনার কিছুক্ষণ আগে এটি সাহায্যের জন্য কল করেছিল। নৌকা এবং হেলিকপ্টার দিয়ে নিখোঁজদের সন্ধানে বড় ধরনের অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালানো হয়। দুর্ঘটনার পর দুজনকে পানি থেকে উদ্ধার করা হয় যাদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।

ইউএস কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরথ এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের এখনও খোঁজ পাওয়া যায়নি। সেখানকার পানির তাপমাত্রা এবং তারা যতক্ষণ ধরে নিখোঁজ রয়েছেন তার ওপর ভিত্তি করে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।