জার্মানির টানা দুই জয়, ফ্রান্স ফিরলো জয়ে, ইংল্যান্ডের এবার ড্র

জার্মানি তাদের ইউরো প্রস্তুতি সেরে রাখলো চার দিনে দুটি ম্যাচ জিতে। দুঃসময় কাটিয়ে ফিরে আগের ম্যাচে ফ্রান্সকে হারিয়েছিল জার্মানি। এবার আরেক প্রীতি ম্যাচে তারা হারালো নেদারল্যান্ডসকেও। 

আগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের শুরুতেই রেকর্ড গড়া গোল করেছিল জার্মানি। মঙ্গলবার অবশ্য শুরুতে গোলটা নিজেরাই হজম করেছে তারা। ম্যাচের তিন মিনিটেই গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন জোয়ি ভেরমান। এ লিড অবশ্য ৮ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি ডাচরা। ১১ মিনিটে ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাটের দারুণ এক গোলে ম্যাচে সমতায় ফেরে জার্মানরা। এ সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল দুই দলের সামনে। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি পাচ্ছিল না কোনো দলই। তবে ৮৫ মিনিটে নিকলাস ফুলক্রুগ গোল করে জয় এনে দেন জার্মানিকে। 

ফ্রান্স ৩: ২ চিলি
আগের ম্যাচে জার্মানির কাছে হারের পর চিলির বিপক্ষে ম্যাচটি ফরাসিদের জন্য ছিল দারুণ চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জে ভালোভাবে উতরে গেল ফরাসিরা। জমে উঠা ম্যাচে চিলির বিপক্ষে ফ্রান্স জিতেছে ৩-২ গোলে।
মার্শেইয়ে দক্ষিণ আমেরিকার দলটির কাছে শুরুতেই পিছিয়ে যায় ফ্রান্স। মার্সেলিনো নুনেজ গোল করে এগিয়ে দেন চিলিকে। তবে ১৮ মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান ইউসুফ ফোফানা। আর ২৫ মিনিটে ব্যবধান ২-১ করেন রানদাল কোলো মুয়ানি। 
বিরতির পর ৭২ মিনিটে গোলে ব্যবধান ৩-১ করেন অলিভিয়ের জিরু। পরে অবশ্য ৮২ মিনিটে দারিও ওজোরিওর গোলে ব্যবধান ৩-২ করে ম্যাচ জমানোর ইঙ্গিত দেয় চিলি। তবে শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি তারা। 

ওয়েম্বলিতে গোল করার পর জুড বেলিংহ্যাম

বেলিংহ্যামের গোলে ড্র ইংল্যান্ডের
হারের পথে থাকা দলকে পথ দেখিয়েছেন জুড বেলিংহ্যাম। তরুণ মিডফিল্ডারের যোগ করা সময়ের গোলে বেলজিয়ামের বিপক্ষে ড্র করেছে ইংল্যান্ড। 
কদিন আগে ব্রাজিলের কাছে ০-১ গোলে হেরে যাওয়া ইংল্যান্ড ওয়েম্বলিতে বেলজিয়ামের কাছে ১১ মিনিটেই পিছিয়ে পড়ে। আমাদু ওনানার কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে জাল খুঁজে নেন ইউরি তিলেমান্স। তবে 
ছয় মিনিট পরেই সফল স্পট কিকে সমতা ফেরান ইভান টনি। ইংল্যান্ডের হয়ে শুরুর একাদশে প্রথমবার নেমে জালের দেখা পেলেন তিনি। ব্রেন্টফোর্ডের এই স্ট্রাইকারকেই ইয়ান ভার্টোনেন ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ইংল্যান্ড। 
৩৬ মিনিটে বেলজিয়ামকে আবার এগিয়ে নেন তিলেমান্স। রোমেলু লুকাকুর ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন অ্যাস্টন ভিলার এই মিডফিল্ডার। 
একের পর এক সুযোগ তৈরি করলেও জালের দেখা পাচ্ছিল না ইংল্যান্ড। মনে হচ্ছিল টানা দ্বিতীয় হারের পথে গ্যারেথ সাউথগেটের দল। অন্তিম সময়ে স্বাগতিকদের ত্রাতা হয়ে আসেন বেলিংহ্যাম। জেমস ম্যাডিসনের কাছ থেকে বল পেয়ে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। 
এ নিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল ইংল্যান্ড। নর্দার্ন মেসিডোনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর তারা ব্রাজিলের বিপক্ষে গত ম্যাচে হারে ১-০ গোলে।