ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এদিন বিকেল সাড়ে ৩টায় পর্যায়ক্রমে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’-এর ফলা প্রকাশ করা হবে।

বুধবার (২৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর ঢাবির চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। প্রায় ২ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেন।