ওয়াশিং মেশিনে মিলল আড়াই কোটি!

বিদেশি সংস্থায় পণ্য পাঠানোর ভুয়া হিসাব দেখিয়ে দীর্ঘদিন ধরেই চলত জালিয়াতি। খবর পেয়েই অভিযানে নামে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা, মুম্বাই, হায়দরাবাদ, কুরুক্ষেত্রসহ একাধিক জায়গায় অভিযান চালায় সংস্থাটি।

প্রায় ১৮০০ কোটি রুপি বিদেশে পাচারের অভিযোগ পেয়েছিল ইডি। অভিযানে ওয়াশিং মেশিনে লুকিয়ে রাখা ২.৫৪ কোটি রুপি জব্দ করে ইডি কর্মকর্তারা। তবে কবে এই অভিযান চালানো হয় এবং কোন সংস্থার কাছ থেকে এই অর্থ জব্দ করা হয়, তা বিস্তারিত জানানো হয়নি।

জানা গেছে, ক্যাপ্রিকরনিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেডসহ মোট সাতটি সংস্থার ওপর কড়া নজর ছিল ইডির। এই সংস্থাগুলোর সূত্র ধরেই দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, কুরুক্ষেত্র এবং কলকাতায় তল্লাশি চালানো হয়।

অভিযোগ উঠেছে, অভিযানে টাকা ছাড়াও  প্রচুর নথি এবং ডিজিটাল ডিভাইস পাওয়া গেছে। খোঁজ মিলেছে ৪৭টি ব্যাংক অ্যাকাউন্টের।