দ্রব্যমূল্যের ঊধ্বগতির কারণে রোজায় নিম্নআয় ও অসচ্ছল মানুষেরা পছন্দের ইফতারি ও সেহরি করতে পারছেন না। সেই অসচ্ছল ও নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছেন রাজধানী ভাটারার ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলাম বাছেক। যিনি দীর্ঘ সাত বছর রমজান মাসজুড়ে অসচ্ছলদের মাঝে সেহরি ও ইফতারি বিতরণ করে আসছেন। এবছরও মাসব্যাপী হেঁটে-হেঁটে অসহায় মানুষদের মাঝে ইফতার ও সেহরি বিতরণ করছেন।
তিনি সেহরি ও ইফতারি বক্সে রাখেন মোরগ পোলাও ও চিকেন বিরিয়ানি। তার দেওয়া ইফতারি পেয়ে অসচ্ছলদের মুখে হাসি ফুটেছে। রিক্সাচালক হাবিব বলেন, কাউন্সিলর প্রতিদিন রাস্তায় এসে ইফতার ও সেহরি দেন। আমি মাঝেমধ্যে ইফতারি নেই। আমি খেয়ে পরিবারের জন্যও আরেক প্যাকেট নেই।
ভাটারা এলাকায় একটি টিনশেড বাসায় থাকেন আরেক বৃদ্ধা সাহেরা খাতুন। তিনি বলেন, ঘরে স্বামী আছেন কিন্তু কাজে অক্ষম। তাই প্রতিদিন ইফতারি ও সেহরিতে ভালো কিছু জোটে না। এজন্য মাঝে মধ্যে কাউন্সিলর বাছেকের দেওয়া ইফতার ও সেহরি নেই। যা বাড়িতে নিয়ে স্বামীর সঙ্গে বসে খাই। কাউন্সিলরের জন্য দোয়া করি, যাতে এরকম কাজ অব্যাহত থাকে।
জানা গেছে, গত সাত বছর যাবৎ এভাবেই ইফতার-সেহরি বিতরণ করে যাচ্ছেন কাউন্সিলর বাছেক। তার বিতরণকৃত ইফতার ও সেহরিতে প্রতিদিন হাসি ফোটে ৪০০ থেকে ৫০০ মানুষের। প্রথম রমজান থেকেই ওয়ার্ডের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানাসহ বিভিন্ন জায়গায় ইফতার ও সেহরি পৌঁছে দেন কাউন্সিলর।
ডিএনসিসির ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম জানান, প্রত্যেক বছরের মতো এবারও তিনি রমজান মাসজুড়ে ইফতার ও সেহরির আয়োজন করছেন।
কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, আমার এলাকায় ছিন্নমূল ও দুস্থ মানুষ বেশি। তাই আমার দায়িত্বও বেশি। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমি এমন উদ্যোগ জারি রেখেছি। ঈদ উপলক্ষে মাদরাসার শিক্ষক মসজিদের ইমাম ও এতিমখানায় শাড়ি-লুঙ্গিসহ নানা উপহার বিতরণ করেন এই কাউন্সিলর। এবারও বিতরণ করা হবে বলে জানান তিনি।