ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে বার্তা দিতেই চলতি সপ্তাহে ওয়াশিংটন সফর বাতিল করা হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, গাজায় যুদ্ধ থামাতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে নত হবে না ইসরায়েল। বুধবার (২৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
নেতানিয়াহু বলেন, আমি ভেবেছি নিরাপত্তা পরিষদে মার্কিন সিদ্ধান্ত (যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো না দেওয়া) খুব খারাপ পদক্ষেপ। কিন্তু সবচেয়ে খারাপ দিকটি হলো আন্তর্জাতিক চাপ ইসরায়েলকে জিম্মি মুক্ত করতে এবং হামাসকে ধ্বংস করতে বাধা দেবে; গোষ্ঠীটির এমন একটি বিশ্বাস তৈরি হতে পারে। মার্কিন সিনেটর রিক স্কটের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হামাসের প্রতি বার্তাটি হলো ‘এই চাপে’ বাজি ধরা যাবে না। এটি কার্যকর হবে না। আশা করি তারা বার্তাটি পেয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা হয়েছে ৭৪ হাজার ৮৮৯ জন। অপরদিকে হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ১৩৯ জন ইসরায়েলি। এছাড়াও তাদের কাছে কয়েক ডজন ইসরায়েলি নাগরিক জিম্মি রয়েছে।