নববর্ষ নিয়ে ফেসবুকে অপপ্রচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া নববর্ষের দিন সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে সব অনুষ্ঠান, নিষিদ্ধ থাকবে ভুভুজেলা বাজানো ও ফানুস। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্র মন্ত্রণায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বৈঠকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাব মহাপরিচালক, এসবি প্রধান, ডিএমপি কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান, বৈশাখী মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও আয়োজকরা সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করবে। রমনার বটমূল, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরসহ গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।