শত শিশুর সঙ্গে গান গাইলেন রুনা লায়লা

দেশ বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা গান গাইলেন শত শিশুর সঙ্গে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির দুই দিনের আয়োজনের শেষদিন গতকাল বুধবার বাংলাদেশ গানে রুনা লায়লার সঙ্গে কণ্ঠ মিলিয়েছে শত শিশু।

গতকাল বাংলাদেশ শিশু একাডেমিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা পর্বে রুনা লায়লা এই সংগীত পরিবেশনা করেন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষণার্থী ১০০ শিশু।

গান শেষে তিনি এই অভিনব আয়োজন সম্পর্কে বলেন, ‘বাংলাদেশ বাংলাদেশ’ শিরোনামে আনজীর লিটনের লেখা ও আশরাফ বাবুর সুর করা যে গানটি গাইলাম, দেশাত্মবোধক এই ধরনের গান এর আগে আমার গাওয়া হয়নি। গানটির কথা ও সুর খুব চমৎকার। স্বাধীনতা দিবস উপলক্ষে শত শিশুর সঙ্গে এমন বিশেষ অনুষ্ঠানে গাওয়া, এটা আমার জন্য সত্যিই ভীষণ ভালো লাগার। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ শিশু একাডেমির প্রতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি), সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম ও মহাপরিচালক আনজীর লিটন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী উপস্থিত শিশুদের সামনে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন। ১৯৭০ সালের নির্বাচন, ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চের গণহত্যা, ২৬ মার্চ জাতির পিতার স্বাধীনতার ঘোষণা ও তার ওপর ভিত্তি করে বাঙালি জাতির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার গৌরবোজ্জ্বল ইতিহাস বর্ণনা করে উপস্থিত শিশুদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কষ্টে পাওয়া এই দেশকে গড়ে তোলার দায়িত্ব এখন তোমাদের। নিজের কাজটি সুন্দরভাবে করাই দেশপ্রেম। সুন্দর করে পড়াশোনা করে উপযুক্ত হলে তোমরাই পারবে সমৃদ্ধশীল স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে।