বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছোট, অসম্মান বা খাটো করা মানে স্বাধীনতাকে অস্বীকার করার শামিল। একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছিলেন। এ বিষয়ে কোনো বিতর্ক করার কিছু নেই। এটি বিতর্ক করলে দেশের স্বাধীনতাকে বিতর্ক করা হবে। যারা বিতর্ক করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়।’
গতকাল বুধবার দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির গঠিত ‘স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছিল, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের লক্ষ্য ছিল-গণতন্ত্র। এ সরকার ১৫ বছরে গণতন্ত্র নিয়ে কোনো কাজ করেনি, বরং ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন ক্ষমতাকেন্দ্রিক ব্যবহার করেছে। এখন যারা গণতন্ত্রের কথা বলেন তাদের জেলে পুরেছে। তারা দেশটা দুটা ভাগে ভাগ করেছে। একটি হলো আওয়ামী লীগ, আর একটি বিরোধী দল। শুধু তাই নয়, বর্ণবাদ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িঘর, দোকান ও ব্যবসা দখল করে নিচ্ছে। বিচার ব্যবস্থাকে আজ তছনছ করে দিয়েছে। বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে। একটা জায়গাতেও ন্যায় বিচার নেই।’
তরুণদের আরও শক্ত করে জেগে উঠতে হবে জানিয়ে তিনি বলেন, ‘১৫ বছর ধরে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি। বর্তমান বাস্তবতাকে, বিশ্বপ্রেক্ষিতকে সামনে নিয়ে, সামগ্রিক অবস্থাকে সামনে নিয়ে আমাদের রাজনীতি, কৌশল এগিয়ে যেতে হবে।’