বিএসএফের গুলিতে আহত তরুণের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর সীমান্তে গত সোমবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশি তরুণ লিটন মিয়া (১৯) গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বরাত দিয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার দুপুরের পর বিএসএফের পক্ষ থেকে বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। লিটন মিয়ার মরদেহের ময়নাতদন্তের পর রাতের যেকোনো সময় বিজিবির কাছে হস্তান্তর করা হবে।’

গত সোমবার রাত ৩টার দিকে জলপাইগুড়ি-৭৫ বিএসএফের আওতাধীন বত্তর বিএসএফ টহল দলের সদস্যের ছোড়া গুলিতে লিটন মিয়া গুরুতর আহত হন। লিটন দীঘলটারী সাংকারচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে। লিটনের মা দুলালি খাতুন বলেন, ‘মোর ছাওয়াটা সীমান্তে যায়া কোনো দোষ করি থাকলে তাক ধরি ভারতের জেলোত না দিয়া বিএসএফ এদোন করি গুলি করি মারি ফেলাইলো। মুই ইয়ার বিচার চাং।’