মাদারীপুরের শিবচরে মাটিভর্তি একটি ট্রাকের ধাক্কায় অটোভ্যানের এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয় অটোভ্যানের এক যাত্রী।
আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার পাঁচ্চর-মাদবরচর আঞ্চলিক সড়কে খাড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যান চালকের নাম জাকির হোসেন (৪৫)। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর এলাকার মানিক হাওলাদারে ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার বাহাদুরপুর এলাকার হাজিপুরে মতি মোল্লার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোভ্যানচালক জাকির যাত্রী নিয়ে মাদবরচর এলাকায় হাটে যাচ্ছিলন। হাটের কাছাকাছি খাড়াকান্দি এলাকায় আসার পর একটি মাটিভর্তি ট্রাক ওভারটেক করার সময় পেছন দিক থেকে জাকিরের অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচরে যায় অটোভ্যানটি। এসময় চালক জাকিরসহ আহত হয় মোহাম্মদ খান (৫৫) নামে এক যাত্রী। পরে আহত দুজনকে উদ্ধার করে পাঁচ্চর এলাকার রয়েল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।
আহত মোহাম্মদ খানকে রয়েল হাসপাতালে চিকিৎসাধীন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক যানটি মাটিভর্তি ডাম্প ট্রাক। ট্রাকটি পুলিশ জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।