বুমরাকে নিয়ে পান্ডিয়ার 'ভুল চালে' মুম্বাইয়ের হার

হার্দিক পান্ডিয়া এবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন। গতকাল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ রেকর্ড রান করে মুম্বাইয়ের বিপক্ষে। আর এই রেকর্ড রান হয়েছে অধিনায়ক পান্ডিয়ার ভুলে।

এমনটি বলছেন, হায়দরাবাদের সাবেক কোচ টম মুডি। তার মতে ম্যাচে জাসপ্রিত বুমরাকে সঠিক ভাবে ব্যবহার করেননি পান্ডিয়া। হায়দরাবাদের ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনও বুমরাকে পাওয়ার প্লেতে এক ওভার বল করানোর বিষয়টি নিয়ে কথা বলেছেন।

গতকাল হায়দরাবাদ ৩ উইকেটে তোলে ২৭৭ রান। পরে অবশ্য মুম্বাই করে ২৪৬ রান। হারটা ২১ রানের।

বুমরা ম্যাচে প্রথম বল করেন হায়দরাবাদের ইনিংসের চতুর্থ ওভারে। সেই ওভারে ৫ রান দেওয়া বুমরাকে ফের বোলিংয়ে আনা হয় ১৩তম ওভারে। ততক্ষণে হায়দরাবাদের স্কোর ১২ ওভারে ১৭৩।

কোন উইকেট না পেলেও ম্যাচে মুম্বাইয়ের হয়ে সবচেয়ে ভালো ইকোনোমি বুমরারই। ৪ ওভারে দেন ৩৬ রান।

টম মুডি বলেন, ‘আপনার কাছে যখন এই ফরম্যাটে বিশ্বের সেরা বোলার থাকে, আপনি তাকে (বুমরা) প্রথম ১০ ওভারে মাত্র একটি ওভার করান এবং ১৩তম ওভারে দ্বিতীয়বার ডাকেন, এটা অবিশ্বাস্য। সে সময় খেলা তো পুরোপুরি শেষ।’

হেনরিখ ক্লাসেন বলেন, 'আমি মনে করি বুমরাকে পাওয়ার প্লেতে আরও বোলিং না করানোটা ছিল তাদের ভুল। পাওয়ার প্লের সময়ে আমাদের সেরা ব্যাটাররা ছিল ক্রিজে, তারা তাদের সেরা বোলারকে এই সময় অতো ব্যবহার করেনি।'