ইসরায়েলের নৃশংসতা

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা, বুলডোজার দিয়ে লাশ বালুচাপা

গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা ও অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কিন্তু দিন দিন হামলার ধরন নৃশংসতা ছাড়িয়ে যাচ্ছে দখলদার বাহিনীর। ইসরায়েলি নৃশংশতা থেকে রেহাই পাচ্ছে না নিরীহ মানুষ থেকে শুরু করে শিশুরাও।  

কিছুদিন আগেই ইসরায়েলি বাহিনী ড্রোন দ্বারা নিরীহ ও নিরস্ত্র চার ফিলিস্তিনিকে হত্যার ভিডিও প্রকাশ করেছিল কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এবার আরও দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা এবং হত্যার পর বুলডোজার দিয়ে লাশ বালুচাপা দেওয়ার ভিডিও প্রকাশ করেছে গণমাধ্যমটি। ঘটনাটি ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি সৈকতে ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা।

ভিডিও ফুটেজে দেখা যায়, গাজার সমুদ্র সৈকতে দুই নিরস্ত্র ফিলিস্তিনি হাঁটছিলেন। একপর্যায়ে তাঁদের একজনকে বারবার একটি সাদা কাপড় নাড়তে দেখা যায়। কোনো হুমকি সৃষ্টি না করা সত্ত্বেও দুজনকে গুলি করে হত্যা করেন ইসরায়েলি সেনারা। পরে ইসরায়েলি সামরিক বুলডোজার দিয়ে লাশ দুটি বালুচাপা দেন তাঁরা।

আল জাজিরা জানায়, তারা গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে নাবুলসির কাছে ছিল এবং আল-রশিদ রাস্তার মাধ্যমে গাজার উত্তরে তাদের বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। সেখানেই ইসরায়েলি সেনাদের মুখোমুখি হন তারা।

এদিকে দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বলছে, ‘এই ঘটনা ইসরায়েলি ফ্যাসিবাদ ও অপরাধের মাত্রার আরও প্রমাণ হাজির করে। এটাই ইহুদিবাদী আচরণকে পরিচালিত করে।‘

যুক্তরাষ্ট্র ভিত্তিক নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এই 'জঘন্য যুদ্ধাপরাধের' নিন্দা জানিয়ে বলেছে যে ইসরায়েল ফিলিস্তিনিদের ইচ্ছেমত হত্যা করছে বলে মনে হচ্ছে এবং তারপর মৃতদেহকে আবর্জনার মতো আচরণ করছে।

এই ঘটনার তদন্ত জাতিসংঘকে অবশ্যই করতে হবে বলছে সিএআইআর।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৪৯০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন প্রায় ৭৫ হাজার।