১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার

ভারত থেকে আগামীকাল শুক্রবার এক হাজার ৬৫০ টন পেঁয়াজ বাংলাদেশে আসতে পারে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখা) রেজওয়ানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত সচিব রেজওয়ানুর রহমান বলেন, প্রথমপর্যায়ে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ ট্রেনে করে ২৯ মার্চের (শুক্রবার) মধ্যে আসার কথা রয়েছে। অবশিষ্ট পেঁয়াজ পর্যায়ক্রমে আমদানি হবে।

এর আগে গতকাল বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত গৃহীত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেডের কাছ থেকে জিটুজি (সরকার ও সরকার পর্যায়ে) ভিত্তিতে পেঁয়াজ আমদানি করবে।