কিছুটা স্বস্তি সবজিতে, পেঁয়াজ-আলু বাড়তি

রোজার শুরুতে সবজির বাজারে যে উত্তাপ ছিল, তা এখন তেমন নেই। কিছুটা স্বস্তি এসেছে। তবে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও গত দুই সপ্তাহ ধরে বাড়তে থাকা চালের দাম এখনো কমেনি। এছাড়া ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে সপ্তাহের ব্যবধানে দাম প্রায় ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। একই সঙ্গে বেড়েছে আলুর দামও। অন্যদিকে ডাল-তেল-চিনিসহ অন্যান্য পণ্যগুলোর দামেও কোনো সুখবর নেই।

আজ শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর বৃহত্তর মিরপুরের একাধিক পাইকারি ও খুচরা বাজার, আগারগাঁও ও মোহাম্মদপুরের বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজি বাজার ঘুরে দেখা গেছে, রোজার শুরুতে বেগুনের কেজি ছিল ৮০ থেকে ১০০ টাকা যা এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। শসার কেজি রোজার শুরুতে ছিল ১০০ টাকার ওপরে, এখন ৩০ থেকে ৫০ টাকা। একইভাবে লাউ, পেঁপে, মিষ্টি কুমড়াসহ ঝিঙ্গা, চিচিঙ্গা, করলার মতো সবজিগুলোর দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কমেছে।

তবে বাজারে অন্য কোনো পণ্যের দামে তেমন কোনো সুখবর নেই। গত দুই সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম। যদিও রোজার এসময় চালের চাহিদা কিছুটা কম থাকে। আবার সরবরাহও ভালো।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আগে যে মোটা চালের (স্বর্ণা ও চায়না ইরি) কেজি ৫০-৫১ টাকা ছিল তা এখন ৫২-৫৩ টাকা। মাঝারি মানের চালের (পাইজাম ও বিআর–২৮) কেজি ৫৫-৫৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৭-৬০ টাকা। আর মিনিকেট ও নাজিরশাইলের মতো সরু চালের কেজিপ্রতি দাম ৬২-৭৮ টাকা থেকে বেড়ে ৬৪-৮০ টাকা হয়েছে।

অন্যদিকে পেঁয়াজের বাজার গত কয়েক সপ্তাহ ধরে নিম্নমুখী ছিল। এ মাসের শুরুতেও সরকারিভাবে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে ও হালি জাতের পেঁয়াজ বাজারে উঠতে শুরু করায় ১২০ টাকা কেজির পেঁয়াজের দর ৬০ টাকায় নামতে দেখা যায়। কিন্তু হুট করে নির্বাচনকে সামনে রেখে গত ২৩ মার্চ বাজার নিয়ন্ত্রণে ভারত আবারও অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। ওই নিষেধাজ্ঞার খবরকে পুঁজি করে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়ে গেছে ২০ টাকা পর্যন্ত। বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

এদিকে আলুর দাম কেজিতে বেড়েছে ৫ টাকার মতো। যদিও পেঁয়াজের মতোই মাসখানেক আগে উল্লেখযোগ্যভাবে কমেছিল আলুর দর। প্রতি কেজি নেমেছিল ২৮ থেকে ৩০ টাকায়। কিছুটা বেড়ে গত সপ্তাহে আলু বিক্রি হয়েছিল ৩৫ থেকে ৪০ টাকায়। এখন দাম আরও বেড়ে প্রতি কেজি বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা।