দিনাজপুর শহরে চলন্ত ইজিবাইকে এক গৃহবধূর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় অ্যাপটার্চ পলিটেকনিক ইন্সটিটিউটের এক শিক্ষার্থীসহ ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
আজ শুক্রবার দুপুরে দিনাজপুর কোতয়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন।
গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার শেখপুরা রেলঘুন্টি এলাকার বাসিন্দা অ্যাপটার্চ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী আসাদুজ্জামান আকাশ ও একই এলাকার বাসিন্দা মো. জুয়েল।
তিনি জানান, গত ২৬ মার্চ বিকেলে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে ইজিবাইকযোগে বাড়ি যাওয়ার পথে দুই ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে চলন্ত অবস্থায় আরিফা ইসলামের গলার স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ২৮ মার্চ আরিফা কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের একটি স্বর্ণের দোকান থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে গ্রেপ্তারেকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।